রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি রিপোর্ট২৪ ।। সারাদেশে সংঘটিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৩ আক্টোবর ২০২১) সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসুচিতে ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সহ সভাপতি ইন্দ্রলাল তালুকদার, সাধারণ সম্পাদক পলাশ কুসুম চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার উল হক, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ আহবায়ক দেবাশীষ পালিত রাজা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের রাঙামাটি সদর উপজেলা সভাপতি ইন্টু মনি চাকমা, সাধারন সম্পাদক কুশল চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িত দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একাত্তরের মৌলবাদি শক্তি এখনো দেশে বিদ্যমান রয়েছে। তারা সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন নামে হামলা করেছে।
সমাবেশের পরে শিল্পকলা একাডেমী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জিমনেসিয়াম মাঠে গিয়ে শেষ হয়।