সিএইচটিরিপোর্ট২৪ নিউজব্লগটির যাত্রা শুরু হলো। এই নিউজব্লগটি পার্বত্য চট্টগ্রামের জনগণের দুঃখ-দুর্দশা, নানা সমস্যা, অন্যায়-অবিচার ইত্যাদি সংবাদ প্রচার করবে।
এমন সময়ে এই নিউজব্লগটির যাত্রা শুরু হয়েছে যখন পার্বত্য চট্টগ্রামসহ
সারাদেশে এক নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে।
দেশে একদিকে করোনা মহামারি, অপরদিকে সরকার সংশ্লিষ্ট লোকজনের অনিয়ম,
দুর্নীতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। ইতোমধ্যে করোনা পরীক্ষার অনিয়মের অভিযোগ বেশ কয়েকজনকে
গ্রেফতার করা হয়েছে। কিন্তু রাঘব বোয়ালরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
অপরদিকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরো বেশি নাজুক। সেখানে আঞ্চলিক
রাজনৈতিক দলগুলোর মধ্যেকার সংঘাত, রেষারেষির সুযোগে সরকার নানা নিপীড়নমূলক কার্যক্রম
জারি রেখেছে। ১৯৯৭ সালে জনসংহতি সমিতি ও সরকারের মধ্যেকার চুক্তি স্বাক্ষরিত হলেও পার্বত্য
চট্টগ্রামের পরিস্থিতির কোন বদল হয়নি। বরং আরো নাজুক পতিত হয়েছে।
কিন্তু দেশের প্রধান প্রধান মিডিয়াগুলো পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাকে
আড়াল করে তারা সরকার বা শাসকদলের মনোরঞ্জনমূলক সংবাদগুলো বেশি প্রচার করে থাকে। ফলে
পার্বত্য চট্টগ্রামে সরকারের যে নিপীড়নমূলক তৎপরতা বিদ্যামান
তা ধামাচাপা পড়ে যায়।
এ অবস্থায় বিভিন্নভাবে পার্বত্য চট্টগ্রামের সঠিক তথ্যাবলী তুলে ধরা
জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এই বিবেচনা থেকে সিএইচটিরিপোর্ট২৪ নিউজ ব্লগটি দাঁড় করানো হয়েছে। এর মাধ্যমে
অন্যান্য সংবাদের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু ভিন্ন ভাষাভাষী ও
ধর্মীয় জাতিগুলোর উপর নিপীড়ন-নির্যাতনের সংবাদগুলোও গুরুত্বসহকারে তুলে ধরার চেষ্টা
করা হবে।
এদেশে চলমান নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সকলে সোচ্চার হোক—এটাই আমাদের চাওয়া।